হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ৫টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সিরাজগঞ্জে ৫টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।

আসন্ন নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গেছে। এদিকে, সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!