
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: হেমন্তের মিষ্টি রোদ, শীতল হাওয়া আর মাঠজুড়ে পাকা ধানের সোনালি আভা—সব মিলিয়ে উৎসবের আমেজ বয়ে এনেছে বাগেরহাটের মোল্লাহাটে। উপজেলার বিভিন্ন মাঠে এখন চলছে পাকা ধান কাটার ব্যস্ততা। মুখে হাসি নিয়ে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন মাঠে-ময়দানে।
উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান জানান, চলতি মৌসুমে মোল্লাহাট উপজেলায় ৩,৩১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, এবং লক্ষ্যমাত্রা পূরণসহ ফলন আশানুরূপ হয়েছে। উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামের কৃষক মো. রিপন খান বলেন,
“আমি হাইব্রিড ধানীগোল্ড জাতের ধান লাগিয়েছি। বিঘা প্রতি ২০ থেকে ২২ মণ ধান পাব বলে আশা করছি।” একই ইউনিয়নের গিরিশনগর গ্রামের কৃষক অমৃত মজুমদার বলেন, “আমি ব্রি ধান-১০৩ চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে, বিঘা প্রতি ৩০ মণ পর্যন্ত ধান পাব বলে আশা করছি।”
গাড়ফা গ্রামের আরেক কৃষক মুরাদ শিকদার জানান, “আমি ব্রি ধান-৪৯ জাতের ধান চাষ করেছি। ১৩ শতাংশ জমিতে প্রায় ১২ মণ ধান পাওয়া যাবে বলে আশা করছি।” উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মতিয়র রহমান বলেন, “এ বছর অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় ফলন আশানুরূপ হয়েছে। কৃষকরা সন্তুষ্ট। আবহাওয়া ও বাজারদর অনুকূলে থাকলে তারা ভালো লাভবান হবেন।” এখন মোল্লাহাটের মাঠজুড়ে হেমন্তের সোনালি ছোঁয়া। পাকা ধানের শীষে দুলছে বাতাস, কাটার আনন্দে মুখর গ্রামবাংলা—পরিশ্রমের ঘাম মিশে যাচ্ছে উৎসবের হাসিতে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল