হোম » সারাদেশ » বগুড়া শেরপুরে নেশার টাকা না পেয়ে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

বগুড়া শেরপুরে নেশার টাকা না পেয়ে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

‎এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে আপন নাতির লাঠির আঘাতে শাবান উদ্দিন ফকির (৬৮) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত শাবান উদ্দিন একই গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে। ঘাতক নাতি মো. আশিক হোসেন ওরফে রানা (৩০) ওই গ্রামের মো. আবু সাঈদ ওরফে সাইফুল ইসলামের একমাত্র ছেলে।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত রানা ওই দিন সকাল সাড়ে ৭টার দিকে দাদার কাছে নেশার জন্য টাকা চায়। টাকা না পেয়ে প্রথম দফায় তাকে মারধর করে। পরে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত শাবান উদ্দিন চিকিৎসার উদ্দেশ্যে ছোনকা বাজারে যাওয়ার পথে পুনরায় রানা তার পথরোধ করে গাছের মোটা ডাল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আশপাশের লোকজন ছুটে এলে রানা পালিয়ে যায়। পরে সে নিজেই শেরপুর থানায় গিয়ে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করে।

‎খবর পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মইনুদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নুল আবেদিন এবং উপ-পরিদর্শক জাহিদুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎নিহতের ছোট ভাই দুলাল হোসেন জানান, সকালে তার ভাইয়ের কাছে টাকা চেয়ে না পেয়ে রানা প্রথমে মারধর করে। পরে চিকিৎসা নিতে যাওয়ার সময় ফের হামলা চালিয়ে হত্যা করে।

‎শেরপুর থানার ওসি এস. এম. মইনুদ্দিন জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত রানা হত্যার দায় স্বীকার করেছে এবং তাকে আটক করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!