
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রুহিয়া উত্তরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম লাইলী বেগম (৩৮)।
তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. রফিকুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রফিকুল ইসলাম তার স্ত্রী ও এক সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রুহিয়া চৌরাস্তা হয়ে আটোয়ারী বাজারের দিকে যাচ্ছিলেন।
এ সময় আটোয়ারী বাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-০৯৪৪) ঠাকুরগাঁওয়ের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে লাইলী বেগম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর ট্রাকটি রুহিয়া সালেহা মাদ্রাসা ঈদগাহ সংলগ্ন একটি ফাঁকা স্থানে ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম নাজমুল কাদের জানান, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী