
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কদিমুকুন্দ মৌজার বাগমারা গ্রামের হাটদীঘি পুকুরপাড় এখন আতঙ্কের নাম। রাত নামলেই অচেনা লোকজনের টর্চলাইটের ঝলকানি, অশালীন গালিগালাজ ও ধারালো অস্ত্রের মহড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন পুকুরপাড়ের অন্তত ৪০টি পরিবারের মানুষ। নারী-পুরুষ নির্বিশেষে সবাই ভয়ে-উৎকণ্ঠায় রাত কাটাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, পুকুর ও পাড়ের মালিকানা নিয়ে চলমান বিরোধই এই নিরাপত্তাহীনতার মূল কারণ। হাটদীঘি পুকুরের আয়তন প্রায় ১১ একর ১৬ শতক। পুকুরটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা বিচারাধীন থাকলেও, গত তিন মাসে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে।
৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর – মাত্র ২৪ দিনের ব্যবধানে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষ চারটি পৃথক মামলা দায়ের করেছেন।
পুকুরের উত্তর ও দক্ষিণ পাড়ে প্রায় ৩৭ বছর ধরে বসবাস করছেন নদীভাঙনে গৃহহারা পরিবারগুলো। ১৯৮৮ সালে সিরাজগঞ্জ ও পাবনা থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নেন তারা। স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় বসতি গড়ে তোলেন, যা এখন তাদের একমাত্র আবাসস্থল।
স্থানীয় নারী মনোয়ারা বেগম, মঞ্জিলা বেগম ও গুলবানু বেগম জানান, “রাত নামলেই শুরু হয় টর্চলাইটের ঝলকানি, চিৎকার-চেঁচামেচি। ঘুমাতে পারি না, বাচ্চারা ভয়ে কাঁদে। আমরা শুধু শান্তিতে থাকতে চাই।”
আবদুল হামিদ ও আনোয়ার হোসেনের অভিযোগ, “পুকুরপাড়ে যাওয়ার রাস্তা সরু হওয়ায় পুলিশের পৌঁছাতে দেরি হয়। আর সেই সুযোগে দুষ্কৃতকারীরা নির্বিঘ্নে তাণ্ডব চালিয়ে পালিয়ে যায়।”
স্থানীয় শিক্ষক সুভাষ চন্দ্র মাহাতো দাবি করেন, “এই পুকুর আমাদের পারিবারিক সম্পত্তি। আদালতের রায় আমাদের পক্ষে। কেউ জোর করে পুকুর দখল করতে চায় বলেই এ ধরনের হামলা ও ভয়ভীতি চালাচ্ছে।” অন্যদিকে, ক্ষতিগ্রস্ত মনির হোসেন বলেন, “সুভাষ মাহাতোর লোকজন আমাদের উচ্ছেদ করতেই আমার বাড়িতে আগুন দিয়েছে।” তিনি এ বিষয়ে থানায় মামলা করেছেন।
সুবাস মাহাতোর সমর্থক শহিদুল ইসলাম বলেন, “আমি পুকুরের দেখভাল করি বলেই আমার ওপর হামলা হয়েছে।” শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দিন বলেন, “পুকুরপাড়ের ঘটনায় চারটি মামলা হয়েছে। সবগুলো তদন্তাধীন। এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়েছে।” স্থানীয়দের আশঙ্কা, এ বিরোধ দ্রুত সমাধান না হলে বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে। তাদের একটাই চাওয়া” শান্তি ও নিরাপত্তা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল