হোম » সারাদেশ » লক্ষ্মী পূজা উপলক্ষে মোল্লাহাটে কেনাকাটায় ব্যস্ত হিন্দু সম্প্রদায়

লক্ষ্মী পূজা উপলক্ষে মোল্লাহাটে কেনাকাটায় ব্যস্ত হিন্দু সম্প্রদায়

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
সোমবার (০৬ অক্টোবর ২০২৫) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা। এ উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষজন গত কয়েকদিন ধরেই ব্যস্ত সময় পার করছেন পূজার প্রস্তুতি ও মালামাল ক্রয়ে।
উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী—প্রসাদ, ফুল, ধূপ, কলা, নারিকেল, ধান, মিষ্টান্ন ও নানা ধর্মীয় উপকরণ কেনার হিড়িক পড়েছে। বাজারে বেড়েছে ফুল ও ফলের চাহিদা, সঙ্গে দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় পূজারীরা জানান, লক্ষ্মী দেবী গৃহে ধন-সম্পদ ও ঐশ্বর্যের প্রতীক। তাই হিন্দু সম্প্রদায়ের মানুষ এদিন ঘরবাড়ি পরিষ্কার করে, আলোকসজ্জায় সাজিয়ে, ধান-চাল-মিষ্টান্ন নিবেদন করে দেবী লক্ষ্মীর কৃপা কামনা করেন।
এদিকে মোল্লাহাট  গারফা বাজার, কোদালিয়া, চুনখোলা বাজারসহ অন্যান্য বাজারে পূজার সামগ্রী বিক্রেতাদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবছর ক্রেতার সংখ্যা বেশি, ফলে বিক্রিও ভালো হচ্ছে।
লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবী লক্ষ্মীর আরাধনা ও পূজার নানা আয়োজন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!