
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীতে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১ লা অক্টোবর (বুধবার) বিকেলে উপজেলা সড়কে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও চাটখিল উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলাসমূহের সমন্বয়ে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবী জানান। যে বিভাগের নাম হবে নোয়াখালী এবং বিভাগীয় শহরও হবে নোয়াখালী বলে তারা দাবী তোলেন। এই অঞ্চলে অন্য কোনো জেলার নামে বিভাগ মেনে নেওয়া হবে না বলেও তারা জানান।
সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি সাইফুর রহমান রাসেল, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির চাটখিল উপজেলা সভাপতি আনিস আহমেদ হানিফ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, জামায়াত নেতা জামাল উদ্দিন, উপজেলা সংগঠক ফজলে রাব্বি আবিদ প্রমুখ।
এসময় বক্তারা আরো বলেন, ‘কোনো জেলাকে নতুন কোনো বিভাগের অন্তর্ভুক্ত করতে চাইলে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি করতে হয়। নোয়াখালীতে এ রকম কোনো শুনানি হয়নি। শুনানি ছাড়াই নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। অন্য কোনো জেলার নামে বিভাগ হলে নোয়াখালীবাসী কখনো তা মানবে না।
বুধবার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধনের মাধমে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে একটি মিছিল নিয়ে চাটখিল পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-রামগঞ্জ মহাসড়কে আরেকটি মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে আবারো বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক