
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় প্রকাশ্যে দিনদুপুরে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী আলমগীর বিষয়টি সাংবাদিকদের জানান। এর আগের দিন মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই দিন দুপুর আড়াইটার দিকে উপজেলার মানিকারচর বাজার এলাকায় মেঘনা জেনারেল হাসপাতালের বিপরীত পাশের সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন তাঁর শ্বশুরবাড়ি থেকে পাওনা টাকা নিয়ে নিজ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে মোমেন (২৮) সহ অজ্ঞাত ৫ থেকে ৭ জন যুবক ওঁৎ পেতে তাঁর গতিরোধ করে। এসময় তাঁরা গালিগালাজ ও হুমকি দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আলমগীরকে মারধর করা হয়। একপর্যায়ে মোমেন ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করলে কপাল কেটে গিয়ে রক্তক্ষরণ হয়। পরে ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেলের শপিং ব্যাগ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আলমগীরের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। ভবিষ্যতে মামলা করলে বাদী ও তাঁর পরিবারকে হত্যা বা ক্ষতি করার হুমকিও দিয়েছেন তারা।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, অভিযোগ পেয়েছি, তবে বিষয়টি সম্ভবত এভাবে নয়। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ