
শাহজাহান সিরাজ :
গাইবান্ধা কেন্দ্রীয় কারাগারে আবু বক্কর সিদ্দিক (৭০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে গাইবান্ধা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া কয়েদি আবু বক্কর সিদ্দিকের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন থেকে নিহত আবু বক্কর সিদ্দিক নানা অসুস্থতায় ভুগছিলেন। গোবিন্দগঞ্জ বিএনপির কার্যালয় ভাংচুর ও হামলার আসামি ছিলেন তিনি। গত ১ সেপ্টেম্বর পুলিশ তাকে আটক করেন। জেল সুপার আনোয়ার হোসেন জানান, নিহত আবু বক্কর সিদ্দিক ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এছাড়া বার্ধক্যজনিত কারণে হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি। গত ২ সেপ্টেম্বর জেলা কেন্দ্রীয় কারাগারে আসেন তিনি। কারাগারে অবস্থানকালে নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণ করতেন তিনি। সোমবার রাতে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি