
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শেরপুর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় পৌর নির্মাণ আইন উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। নিয়মবহির্ভূতভাবে নির্মাণ কাজ চালানোর ফলে গত শনিবার বিকেলে নির্মাণাধীন বহুতল ভবনের একটি দেয়াল ধসে পড়ে পাশ্ববর্তী একটি টিনশেড বসতবাড়ির ওপর, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ভাড়াটিয়া পরিবার।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রওশন আরা পারভিন জানান, “হঠাৎ বিকট শব্দে আমাদের বাড়ির ওপর দেয়াল এসে পড়ে। জানি না কীভাবে বেঁচে গেছি। একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো।” এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মো. খোকন ও তার স্ত্রী মোছা. রুমা পারভিন পৌর আইনের তোয়াক্কা না করে বহুতল ভবনের নির্মাণ কাজ চালাচ্ছেন। নির্মাণকাজ চলাকালে ইট, বালু বা অন্যান্য নির্মাণ সামগ্রী যাতে নিচে পড়ে দুর্ঘটনা না ঘটায়, সে জন্য কোনো ধরনের নিরাপত্তা নেট বা কাপড় ব্যবহার করা হয়নি। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নির্মাণাধীন ভবনের মালিক মো. খোকন অবশ্য দাবি করেছেন, “আমি যথাযথ নিয়ম মেনেই কাজ করছি। তবে অনাকাঙ্ক্ষিতভাবে এই দুর্ঘটনা ঘটেছে। পাশের বাড়ির যে ক্ষতি হয়েছে, তা আমি পূরণ করে দিব।”
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আশিক খান বলেন, “অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার নিয়ম-কানুন অমান্য করে এমন অব্যবস্থাপনায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ