হোম » সারাদেশ » দেবিদ্বারে নিম্নমানের রাস্তা নির্মাণে ক্ষোভ

দেবিদ্বারে নিম্নমানের রাস্তা নির্মাণে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর বাজার থেকে আব্দুলাপুর পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজ চলছে এলজিইডি উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকারের তত্ত্বাবধানে। তবে স্থানীয়দের অভিযোগ, রসুলপুর বাজার থেকে খাইয়ের মাজার গেইট, রসুলপুর বাজার থেকে গোপালনগরসহ মোট তিনটি সড়কে নিম্নমানের ইটের সুর্কি ও রাবিশ ব্যবহার করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকারকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। খোঁজ নিয়ে জানা গেছে, এসব কাজ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ডিলার খোরশেদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সরকারি কাজের ঠিকাদারি নিয়ে খোরশেদ নিম্নমানের মালামাল ব্যবহার করছেন। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা লোপাট ও দুর্নীতির অভিযোগও রয়েছে। অভিযোগ উঠেছে, জেলা প্রকৌশলীর কাছে মোটা অংকের ঘুষ দিয়ে বিল উত্তোলনেরও চেষ্টা চলছে।

রাস্তা নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহারের কারণে এগুলো দুই বছরও টিকবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। রসুলপুর ও ইউছুপপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দেখা যায়, সড়ক নির্মাণে ১ নাম্বার ইটের সুর্কি ব্যবহার করা হয়নি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, “খোরশেদ বিএনপি আমলে বিএনপি পরিচয়ে, আর আওয়ামী আমলে আওয়ামী পরিচয়ে লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছেন। এখন হাসনাত আবদুল্লাহর নাম ভাঙিয়ে সরকারি অর্থ লোপাট করছেন।”

তারা আরও বলেন, “হাসনাত আমাদের গর্ব, তিনি একজন সৎ ও নীতিবান নেতা। তার প্রভাব ব্যবহার করে কেউ দুর্নীতি করলে তা মানা যায় না। আমরা এ বিষয়ে দ্রুত প্রতিকার চাই।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!