
রবিউল হাসান লায়ন , জামালপুর
জামালপুর সদর উপজেলাস্থ বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে ইভটিজিং এর শিকার হয়ে ইভটিজারদের বিচার চেয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছে ওই বিদ্যালয়ের তিন নারী শিক্ষার্থী। অভিযুক্ত সজল কেন্দুয়া এলাকার বুইদে মিয়ার ছেলে এবং অভিযুক্ত লাম গোপালপুর এলাকার মানু আকন্দের ছেলে।
গত ৯ সেপ্টেম্বর পুলিশ সুপার বরাবর বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষে এ অভিযোগ করে তারা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে ক্লাস চলাকালীন সময়ে বহিরাগত দুই যুবক বিদ্যালয়ে প্রবেশ করে। এসময় বিদ্যালয়ে উপস্থিত বিভিন্ন নারী শিক্ষার্থীকে অশালীন কথা বলে উত্যক্ত করাসহ ভীতি প্রদর্শন করতে থাকে। এসময় ইভটিজিং এর শিকার ওই নারী শিক্ষার্থীরা বিষয়টি শিক্ষকদের অবগত করলে ওই দুই যুবক শিক্ষকদের সাথেও অসৌজন্যমূলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করে। শুধু তাই নয়, শিক্ষকদের অবগত করায় ওই নারী শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দেয় বখাটেরা।
বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমনুর করিম জানান, বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল না থাকায় ইতিপূর্বেও বহিরাগত বখাটে যুবকরা নেশাদ্রব্য সেবনের জন্য বিদ্যালয়ে প্রবেশ করতো। গত ৭ সেপ্টেম্বর বিদ্যালয়ে ৯ম শ্রেনীর ক্লাস চলাকালীন সময় শিক্ষক শ্রেনীকক্ষ থেকে বের হওয়ার সাথে সাথে দুই বখাটে শ্রেনীকক্ষে নারী শিক্ষার্থীদের খুব বাজে ভাবে উত্যক্ত করতে থাকে। এরপর শিক্ষার্থীরা আমাদের বিষয়টি অবগত করলে দুই বখাটে আমাদের সাথেও খারাপ আচরণ করে।
তিনি আরও বলেন, এমন অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ খুবই শঙ্কিত। এভাবে চলতে থাকলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে জামালপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সাল মো.আতিক গণমানুষের আওয়াজের প্রতিনিধি কে বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক