
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। গত সোমবার বিকেলে উপজেলার গোসাইবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে গোসাইবাড়ী ডিগ্রি কলেজ মাঠে খেলতে যান আব্দুস সালামের ছেলে নাইম ও তার সঙ্গীরা। এসময় একই এলাকার জাহিদুল ইসলাম বাবলুর ছেলে আব্দুল্লাহ ও তার সহযোগীরা তাদের খেলতে বাধা দেন। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষ শুরু হয়। এতে নাইম, শাকিল, সিয়াম, বিপ্লব ও পলাশসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইমের মা জানান, দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ তার ছেলেকে একটি রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের জন্য চাপ দিচ্ছিল। এতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে নাইমকে মাঠে গিয়ে মারধর করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার কানে গুরুতর জখম হয় এবং চিকিৎসকের পরামর্শে তিনটি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত আব্দুল্লাহর বাবা দাবি করেন, নাইম ছাত্রলীগের কিছু ছেলেকে নিয়ে তার ছেলের ওপর রাজনৈতিক উদ্দেশ্যে হামলা চালায়। এতে তাদের পক্ষের সিয়াম, বিপ্লব, পলাশসহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, সুস্থ হলে তারাও মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, “খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন
কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলনে সংঘর্ষ, এক বৃদ্ধের মৃত্যু
নাগরপুরে নঙ্গিনাবাড়ি সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম
জিয়া সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন