
পিরোজপুর জেলা সংবাদদাতা
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জের ধরে মা আলেয়া বেগম (৬৮) এবং ভাই সাইফুল ইসলামকে (২৮) পিটিয়েছে বড়ো ভাই কামরুল ইসলাম (৪৫)। উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম।
জানা গেছে, উত্তর ভবানীপুর গ্রামের মৃত আইউব আলী হাওলাদারের ছেলে সাইফুল ও কামরুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে জমিতে বীজ রোপণ করা নিয়ে তর্ক হলে সাইফুলকে কাঠ দিয়ে পেটানোর সময় মা আলেয়া বেগম ঠেকাতে আসলে তাকেও পেটানো হয়।
আহত আলেয়া বেগম ও সাইফুল ইসলাম ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আলেয়া বেগম বলেন, আমার বড়ো ছেলে আমাকে এবং ছোট ছেলেকে কাঠ দিয়ে মারছে। এতে আমার ছেলের একটি আঙুল ভেঙে গেছে। ছোট ছেলেকে জমি দিতে চায় না বড়ো ছেলে। এর বিচার চাই।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত কামরুল ইসলামকে কল করলে তার মেয়ে রিসিভ করে বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা।
৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, অনেকদিন ধরে জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ ছিল। আমরা মিমাংসার জন্য বার বার ডেকেছি, ওরা আসে না। বীজ রোপণ করা নিয়ে শুনেছি ছোট ভাই এবং মাকে মারধর করেছে বড়ো ভাই। আগে চিকিৎসা নিয়ে আসুক, তারপর দেখি কি করা যায়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মারুফ হোসেন জনকণ্ঠকে বলেন, বিষয়টি আমি জানিনা। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক