হোম » সারাদেশ » ভৈরবে শিশু নুসরাত হত্যার প্রধান আসামি গ্রেফতার

ভৈরবে শিশু নুসরাত হত্যার প্রধান আসামি গ্রেফতার

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের কন্যাশিশু নুসরাতকে গলাটিপে হত্যার ঘটনায় প্রধান আসামি আলমগীর মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-১৪। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনার প্রায় ৩ মাস পর উপজেলা শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই ঘটনার অভিযোগে অভিযুক্ত আরেক আসামি শিশু নুসরাতের মা আয়েশা খাতুন (২৫) কে ৭ জুন রাতে ঘটনাস্থল থেকে আটক করে ভৈরব থানা পুলিশ। অভিযুক্ত আয়েশা ময়মনসিংহের ধোবাউড়া থানার চন্দ্রগুনা গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে ও নরসিংদী বেলাব থানার নিলক্ষীয়া গ্রামের ওমর ফারুকের স্ত্রী। পরকীয়া প্রেমিক আলমগীর উপজেলার শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর গ্রামের শাহ জাহান মিয়ার ছেলে।
উল্লেখ্য যে, এজাহার সূত্রে জানা যায় নরসিংদী জেলার বেলাবো থানাধীন নিলক্ষীয়া সাকিনস্থ ওমর ফারুক (২৮) ও আয়েশা খাতুন (২০) দম্পত্তির ০৩ বছরের একটি ছেলে সন্তান ও ১ বছর ৬ মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার দেড় মাস পূর্বে শিশুটির মা আয়েশা খাতুন পরকীয়া সম্পর্কে জড়িয়ে তার ০১ বছর ০৬ মাসের মেয়ে নুসরাতকে নিয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং ধৃত অভিযুক্ত মোঃ আলমগীর এর সাথে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার লক্ষীপুর মধ্যপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বসবাস শুরু করে। পরবর্তীতে পরিকল্পিতভাবে আলমগীর এর প্ররোচনায় আয়েশা খাতুন তার শিশু সন্তান নুসরাতকে গত ০৭ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় ঘরের ভিতর ভিকটিম নুসরাত (১ বছর ৬ মাস) কে গলা টিপে হত্যা করে। ঘটনাস্থলে আসামী আয়েশা খাতুন গ্রেফতার হলেও ধৃত অভিযুক্ত মোঃ আলমগীর পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের দাদা মোঃ আবুল কালাম বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় বিবাদী আয়েশা খাতুন ও আলমগীর এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখঃ ০৮ জুন ২০২৫ ইং, ধারা-৩০২/১০৯ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর হতে উক্ত মামলার পলাতক আসামী মোঃ আলমগীর গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিল। উক্ত আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে সিপিসি-২, র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!