
এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জে পল্লী বিদ্যুতের ডিজিএম রঞ্জন কুমার ঘোষের স্বেচ্ছাচারিতা, ভূতুড়ে বিল ও নানাবিধ অনিয়মে সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ জোনাল অফিসে সরেজমিনে গেলে দেখা যায়, অফিসের ভেতরে এক গ্রাহকের সঙ্গে রাগান্বিতভাবে কথা বলছেন ডিজিএম রঞ্জন কুমার ঘোষ। এসময় পাশে বসে তার ছেলে মোবাইলে গেম খেলছিল। স্থানীয় এক সংবাদকর্মী দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও তিনি কোনো কথা না বলে ছেলেকে নিয়ে অফিস ত্যাগ করেন।
বিদ্যুৎ গ্রাহক ও স্থানীয় সাংবাদিক সালাউদ্দিন অভিযোগ করে বলেন, “ডিজিএম অফিসে যোগদানের পর থেকেই খামখেয়ালি আচরণ করছেন। গ্রাহকদের সমস্যায় কর্ণপাত না করে নিজের ইচ্ছামতো অফিস পরিচালনা করছেন। রিডারম্যানরা গ্রাহকের বাড়িতে না গিয়ে অফিসে বসেই বিল তৈরি করছেন, ফলে অতিরিক্ত বিলের বোঝা চাপছে সাধারণ মানুষের ওপর।”
তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী তিন মাসের বেশি বিল বকেয়া থাকলে নোটিশ দেওয়ার কথা থাকলেও ডিজিএম তা না করে মামলা করেন এবং নিষ্পত্তির সময় অতিরিক্ত অর্থ আদায় করা হয়।
ভুক্তভোগী গ্রাহক সিহাব উদ্দিন বলেন, “গত মাসে আমার ৮০০ টাকার বিল এসেছিল, অথচ এ মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার টাকা। মিটার রিডিং পরীক্ষা করে দেখা গেছে ১৫০-২০০ ইউনিট বেশি দেখানো হয়েছে। অভিযোগ জানালেও কোনো সমাধান মেলেনি।”
একই অভিযোগ করেন গ্রাহক জাহেদ। তিনি জানান, “আগে মাসে ২০০ টাকার বিল আসতো, এখন দুই মাস ধরে ৮০০ টাকা আসছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বিদ্যুতের ভূতুড়ে বিল আমাদের দিশেহারা করে তুলেছে।”
অভিযোগকারী গ্রাহকরা বলেন, অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে তারা মানববন্ধন ও বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিজিএম রঞ্জন কুমার ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারও সঙ্গে খারাপ ব্যবহার করি না। অতিরিক্ত বিলের বিষয়ে কাজ চলছে, যাতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে- রিডিং অফিসে বসে করার অভিযোগে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান