হোম » সারাদেশ » বগুড়া ধুনটে সাজানো গাড়িতে পুলিশ সদস্য সাইদুরকে রাজকীয় বিদায়

বগুড়া ধুনটে সাজানো গাড়িতে পুলিশ সদস্য সাইদুরকে রাজকীয় বিদায়

‎এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার ধুনট থানায় দ্বিতীয়বারের মতো আরেকজন পুলিশ সদস্যকে দেয়া হলো রাজকীয় বিদায়। ৪০ বছরের চাকরি শেষে অবসরে যাওয়া কনস্টেবল মোঃ সাইদুর রহমানকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে ফুল দিয়ে সাজানো সরকারি গাড়িতে তার বাড়ি পৌঁছে দেয়া হয়। এ সময় থানার সকল পুলিশ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

‎সাইদুর রহমান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ চার দশকের পুলিশি জীবনে তিনি সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

‎বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরিন, ধুনট থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল আলম, থানার সকল অফিসার ও সদস্যবৃন্দ।

‎ওসি মোঃ সাইদুল আলম বলেন,“সাইদুর রহমান একজন সৎ, কর্তব্যপরায়ণ ও ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। আইন ও সহকর্মীদের প্রতি ছিল তার অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। তাকে সম্মানের সঙ্গে বিদায় দিতে পেরে আমরা গর্বিত।”

‎অশ্রুসিক্ত বিদায়ী পুলিশ সদস্য সাইদুর রহমান বলেন, “চাকরি জীবনে কখনও দায়িত্বে অবহেলা করিনি। সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। বড় কর্মকর্তাদের তো অনেক সংবর্ধনা দেখি, কিন্তু আমার মতো সাধারণ সদস্যকেও এভাবে বিদায় জানানো হবে ভাবিনি। আমি কৃতজ্ঞ, ধন্য।”

‎এই বিদায় সংবর্ধনা আগামীতে পুলিশের অভ্যন্তরে সাধারণ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!