হোম » সারাদেশ » বগুড়ায় ট্রেনের ধাক্কায় ফুচকা বিক্রেতার মর্মান্তিক মৃত্যু

বগুড়ায় ট্রেনের ধাক্কায় ফুচকা বিক্রেতার মর্মান্তিক মৃত্যু

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি

‎বগুড়ায় ট্রেনের ধাক্কায় নিরব (৩০) নামের এক ফুচকা বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের পাশের রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত নিরব সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলীরহাট এলাকার বাসিন্দা আজিজ মিয়ার ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ ফুচকার দোকান চালাতেন।

‎স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি কলেজের মূল ফটক থেকে কিছুটা পূর্বে পৌঁছালে নিরব রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, “ট্রেন দুর্ঘটনায় একজন ভ্রাম্যমাণ ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

‎এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরবের হঠাৎ মৃত্যুতে সহকর্মী ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!