
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় ৫ লাখ টাকা নগদ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাগজপত্রসহ এক গৃহবধূ উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের পশ্চিমপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে বিপ্লব মিয়া ছয় মাস আগে একই উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের আশাদুল ইসলামের মেয়ে ইতি খাতুন (২৫)-এর সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর ইতি খাতুন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হন।
ভুক্তভোগী বিপ্লব মিয়া জানান, গত ৩১ আগস্ট দুপুরে তিনি বাড়িতে না থাকার সুযোগে ইতি খাতুন ঘরে রাখা ব্যবসার জন্য সঞ্চিত ৫ লাখ টাকা, প্রায় ১ ভরি ওজনের (মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা) স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন এবং তাঁর জাতীয় পরিচয়পত্র (মূল কার্ড) নিয়ে পালিয়ে যান।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ইতির খোঁজে শ্বশুরবাড়ি ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। এরপর বিপ্লব মিয়া স্ত্রী ইতি খাতুনকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ইতি খাতুনের বাবার মোবাইল নম্বর বন্ধ থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ধুনট থানার ডিউটি অফিসার এএসআই দীপিকা দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গতকালের ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করে ফোন কেটে দেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত