হোম » সারাদেশ » বিভিন্ন প্রকার সারের কাজ, অভাব ও অতিরিক্ত ব্যবহারের ক্ষতি

বিভিন্ন প্রকার সারের কাজ, অভাব ও অতিরিক্ত ব্যবহারের ক্ষতি

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বর্তমানে কৃষি উৎপাদনে রাসায়নিক সারের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। অতিরিক্ত কিংবা অযথা ব্যবহার যেমন ক্ষতিকর, তেমনি সারের অভাবও ফসলের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনে। বিশেষজ্ঞরা জানান, প্রতিটি সার নির্দিষ্ট কাজ করে এবং অভাব ও অতিরিক্ত ব্যবহারে গাছে ভিন্ন ভিন্ন লক্ষণ প্রকাশ পায়।ইউরিয়া (নাইট্রোজেন সার):ইউরিয়া গাছের পাতা সবুজ ও কোমল করে, শাখা-প্রশাখা বৃদ্ধি করে এবং ধানের কুশি বাড়ায়। তবে এর অভাবে পাতা হলদেটে হয়, কুশি কমে যায় ও গাছ দুর্বল হয়। অন্যদিকে মাত্রাতিরিক্ত ইউরিয়া ব্যবহার করলে গাছ লিকলিকে ও রোগপোকার আক্রমণের শিকার হয়।টিএসপি (ফসফরাস সার):এ সার শিকড় মজবুত করে, ফুল-ফল বৃদ্ধি করে এবং বীজ অঙ্কুরোদগমে সাহায্য করে। অভাবে গাছ খাটো হয় ও পাতা গাঢ় সবুজ বা বেগুনি রঙ ধারণ করে। অতিরিক্ত টিএসপি ব্যবহারে মাটির পিএইচ নষ্ট হয় এবং ফল ছোট ও শক্ত হয়ে যায়।ডিএপি (নাইট্রোজেন+ফসফরাস সার):এ সার গাছের প্রাথমিক বৃদ্ধি ও শিকড় উন্নত করে। অভাবে পাতা হলদেটে ও বেগুনি দাগযুক্ত হয়। তবে অতিরিক্ত ডিএপি দিলে গাছে কেবল পাতা বাড়ে, কিন্তু ফলন কমে যায়। এমওপি (পটাশ সার):পটাশ গাছকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধ বাড়ায় এবং ফলের মান উন্নত করে। অভাবে পাতার প্রান্ত পুড়ে যায় ও ফল ছোট হয়। অন্যদিকে মাত্রাতিরিক্ত ব্যবহার মাটিকে লবণাক্ত করে।জিপসাম (ক্যালসিয়াম ও সালফার সার):এ সার গাছের কোষ প্রাচীর মজবুত করে ও মাটির গঠন উন্নত করে। অভাবে নতুন পাতা হলদেটে হয় এবং ফলন কমে যায়। কিন্তু অতিরিক্ত ব্যবহারে অন্য পুষ্টি শোষণে সমস্যা হয়। জিংক:এটি ধানের কুশি বৃদ্ধি, গাছের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অভাবে পাতায় সাদা দাগ হয় ও গাছ খাটো হয়। কিন্তু বেশি ব্যবহার করলে লোহা ও তামা শোষণে বাধা দেয়। বোরন:এ সার ফুল, ফল ও বীজ গঠনে ভূমিকা রাখে। অভাবে ফুল ঝরে যায়, ফল বিকৃত ও ফেটে যায়। আর অতিরিক্ত বোরন ব্যবহারে পাতার প্রান্ত পুড়ে যায়।

কৃষি কর্মকর্তারা জানান, সারের সঠিক মাত্রা মেনে ব্যবহার না করলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে ফলনের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাই সার ব্যবহারের আগে মাটির পরীক্ষা করে কৃষি অফিসের পরামর্শ নেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!