হোম » সারাদেশ » কালীগঞ্জে সরকারি মাহাতাব উদ্দিন কলেজে ছাত্রশিবিরের ৩০ দফা স্মারকলিপি প্রদান

কালীগঞ্জে সরকারি মাহাতাব উদ্দিন কলেজে ছাত্রশিবিরের ৩০ দফা স্মারকলিপি প্রদান

মো:রাফাত হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহাতাব উদ্দিন কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজের চলমান সংকট নিরসন ও “জুলাই ২৪ বিপ্লব”-এর চেতনায় ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে ৩০ দফা প্রস্তাবনা সম্বলিত একটি স্মারকলিপি কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ বরাবর প্রদান করা হয়েছে। গত বুধবার (২৭ আগস্ট) এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিবিরের ঝিনাইদহ জেলা শাখার কলেজ সম্পাদক মাজেদুল হক নাসিম, কলেজ সভাপতি মোঃ হুসাইন আহমেদ, সেক্রেটারি তালহা জুবায়েরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা, বায়োমেট্রিক হাজিরা চালু, আইডি কার্ড বাধ্যতামূলক করা, নিরাপত্তা জোরদার, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, পুরাতন আবাসিক হল চালু ও নতুন হল নির্মাণ, লাইব্রেরি সংস্কার, আধুনিক ওয়াশরুম ও ছাত্রী কমন রুম নির্মাণ, অডিটোরিয়াম ও খেলার মাঠ সংস্কার, মানসম্মত ক্যান্টিন স্থাপন, বিজ্ঞান ও বিতর্ক ক্লাব গঠনসহ ৩০টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।

এছাড়াও রাজনৈতিক-অরাজনৈতিক সভা-সমাবেশ ও র‍্যাগিং নিষিদ্ধকরণ, অভিভাবক সমাবেশের আয়োজন, জুলাই-২৪ বিপ্লবকে স্মরণে বার্ষিক প্রকাশনা, দীর্ঘদিনের বেসরকারি কর্মচারীদের স্থায়ী নিয়োগ, রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং কলেজ চলাকালীন সময়ে শিক্ষকদের টিউশনি বন্ধের মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত দফাগুলো বাস্তবায়িত হলে কলেজ ক্যাম্পাস একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপ নেবে এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!