হোম » সারাদেশ » কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী নাসরিনের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী নাসরিনের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন

মো:রাফাত হোসেন, কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে নার্সিং পড়ুয়া শিক্ষার্থী নাসরিন নাহার শামীমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নাসরিন নাহার শামীমা ২০২৪ সালে সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি “যশোর নার্সিং গাইডলাইন” নামক বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং প্রশিক্ষণ নিচ্ছিলেন। ছোটবেলা থেকে তিনি কালীগঞ্জের ওয়াবদা এলাকার একটি পরিবারে পালিত মেয়ের মতো বড় হয়েছেন। তার পালিত মায়ের নাম রাজিয়া সুলতানা। তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সিনিয়র নার্স। পালিত ভাইয়ের নাম পারভেজ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট (বুধবার) রাতে শামীমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরদিন (২১ আগস্ট) বৃহস্পতিবার তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। তবে এ নিয়ে প্রশ্ন তুলেছে শামীমার সহপাঠীরা। তাদের অভিযোগ, উদ্ধার হওয়া চিরকুট নাসরিনের হাতের লেখা নয় এবং এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী সহপাঠীরা দাবি করেন, নাসরিন নাহার শামীমা আত্মহত্যা করতে পারেন না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর দিন সকালেও তারা নাসরিনের সঙ্গে কথা বলেছেন, তখন তার আচরণে আত্মহত্যার কোনো লক্ষণ পাওয়া যায়নি। সহপাঠীদের কাছে এমনকি কয়েকটি অডিও ক্লিপও আছে, যেখানে পরিবার থেকে তার ওপর নির্যাতনের প্রমাণ মেলে বলে দাবি তাদের।

শামীমার ঘনিষ্ঠ বান্ধবী শম্পা আক্তার অডিও ক্লিপসের মাধ্যমে জানান, মৃত্যুর আগের দিন (১৯ আগস্ট) রাত ১০টার দিকে নাসরিনের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। সে সময় নাসরিন অভিযোগ করেন, তার পালিত পরিবার তাকে খারাপ ব্যবহার করছে এবং তিনি পরদিন সকালে শম্পার বাড়িতে আশ্রয় নিতে চান। বাড়ির মালিকানা ও আর্থিক বিষয় নিয়ে তার পালিত মা ও ভাইয়ের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল। এ বিষয়ে ১৯ আগস্ট থানায় একটি অভিযোগও দায়ের করেন বলে শম্পাকে জানিয়েছেন নাসরিন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাসরিনের সহপাঠী মিতুল হোসেন, আপন হোসেন, লিখন হোসেনসহ আরও অনেকে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!