
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা মৎস্য উদযাপন কমিটির আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসুর পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন ও উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তুললে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীববৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশি মাছে ভরবে দেশের বাজার। তাই সকলকে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, পৌর যুবদলের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, হযরত শাহ্ জালাল মৎস্য এ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী তাজমিনউর রহমান তুহিন ও উপজেলা মৎস্য অফিসের হিসাবরক্ষক রিফাত শেখ সহ মৎস্য সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সফল তিনজন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। এছাড়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি