
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রায় ৩ শতক জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ওবাইদুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার সলপ হাটখোলা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় লোকজনের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে ওবাইদুল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জায়গাটি নিজের দাবি করে দখলে নেন। কয়েক দিনের মধ্যেই সেখানে একটি বাড়ি নির্মাণ করেন। একই সঙ্গে কৃষকগঞ্জ বাজারে সিএনজি স্ট্যান্ডের পাশের সরকারি জায়গা দখল করে দোকানও তুলেছেন তিনি। তাঁর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মারধরের শিকার হন বলেও অভিযোগ রয়েছে।
অভিযুক্ত ওবায়দুল অবশ্য দাবি করেছেন, জায়গাটি তাঁর নিজস্ব।
সলপ ইউনিয়নের রামঘাতি গ্রামের মঞ্জরুল ইসলাম বলেন, ওবাইদুলের মূল কাজই হলো মানুষের জায়গা আর সরকারি সম্পত্তি দখল করা। তাকে কেউ বাধা দিলে সে মারধর করে। আমার নিজের জমির অংশও সে দখল করেছে।
সলপ উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক এস এম জাকারিয়া মনি বলেন, ৩ শতাংশ জায়গা বহু বছর ধরে আমাদের অফিসের আঙিনা হিসেবে ব্যবহার হচ্ছিল। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় ওবায়দুল জায়গাটিকে নিজের দাবি করে দখলে নিয়ে পরে বাড়ি নির্মাণ করেছেন।
সলপ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তি দখলের খবর পেয়ে ভূমি অফিসের লোকজন সেখানে গেলে ওবায়দুল তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ বিষয়ে লিখিতভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে জানানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা রিমা প্রথম আলোকে বলেন, বিষয়টি আমরা জানি। ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল