
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতভিটা দখল ও লুটপাটের অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, আদালত বারবার তাদের পক্ষে রায় দিলেও স্থানীয় প্রভাবশালী মহলের কারণে বাড়িঘর রক্ষা করা দুষ্কর হয়ে পড়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে লতিফুল আলম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার স্ত্রী জেবা বানু ও আত্মীয়স্বজন।
লিখিত বক্তব্যে লতিফুল আলম অভিযোগ করেন, কালীগঞ্জের পাইকপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং পতিত সরকারের সাবেক এমপি আনারের ঘনিষ্ঠ সহযোগী আব্দুল ওহাব দীর্ঘদিন ধরে তার বসতভিটা দখলের চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে একাধিক মামলা আদালতে চলমান। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও গত বছরের অক্টোবর মাসে আব্দুল ওহাব ও তার সহযোগীরা তার স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেন এবং মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। লতিফুল আলম আরও দাবি করেন, তিনি আদালতে করা মামলাগুলোতে রায় পেয়েছেন। আদালত ওহাবকে উক্ত জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও তা অমান্য করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনাটি পুলিশকে জানালেও স্থানীয় থানার কর্মকর্তারা মালামাল নিতে বাধা দেন।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে মামলার তদন্ত প্রভাবিত করা হচ্ছে। এমনকি সেনাবাহিনীর স্থানীয় একটি ক্যাম্পেও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাকে বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লতিফুল আলম বলেন, “ন্যায্য রায় পেলেও প্রভাবশালী মহলের কারণে নিজের বসতভিটা রক্ষা করা ক্রমেই কঠিন হয়ে দাঁড়িয়েছে।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক