হোম » সারাদেশ » বগুড়ায় ডিবি পুলিশের উপর মাদক কারবারীদের হামলা, আহত একাধিক

বগুড়ায় ডিবি পুলিশের উপর মাদক কারবারীদের হামলা, আহত একাধিক

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া শহরের হাড্ডি পট্টি এলাকায় ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি টিমের উপর মাদক কারবারীরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় ডিবির এএসআই (সহকারী উপ-পরিদর্শক) হাসানসহ একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

‎ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল এএসআই হাসানের নেতৃত্বে হাড্ডি পট্টি এলাকায় অভিযান চালায়। অভিযানে রনি নামে এক মাদক বিক্রেতাকে আটক করে ডিবি সদস্যরা।

‎আটকের পর রনিকে নিয়ে পুলিশ দলটি রেললাইন পার হয়ে সেউজগাড়ি আমতলা মোড় দিয়ে ডিবি কার্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় নারী-পুরুষ মিলে মাদক কারবারিরা সংঘবদ্ধভাবে লাঠি, সোটা, ঝাঁটা ও ইট-পাটকেল নিয়ে ডিবি পুলিশের উপর আক্রমণ চালায় এবং আটক মাদক বিক্রেতা রনিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

‎পুলিশ ও মাদক কারবারিদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই হাসানসহ কয়েকজন ডিবি সদস্য আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

‎ঘটনার খবর পেয়ে অতিরিক্ত ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড্ডি পট্টি এলাকাটি ঘিরে ফেলে এবং রাত পৌনে ১২টা পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে।

‎সতর্কবার্তা: এই ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপরই নয়, পুরো সমাজের নিরাপত্তার জন্য হুমকি। প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া এই পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করা কঠিন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!