
হাবিবুর রহমান, রবি প্রতিনিধি
নানা আয়োজনের মধ্যদিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দানকারী আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেন। এসময় তিনি ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ”২০২৪-এর জুলাই মাসে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল সেটির চূড়ান্ত সফলতা অর্জিত হয় ৫ আগস্ট। তার ধারাবাহিকতায় আজ এক বছর হলো আমরা স্বৈরশাসনমুক্ত হয়েছি। এই অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য ছিল শোষণহীন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এটি এখনো বাস্তবায়িত না হলেও এর যাত্রা প্রক্রিয়াধীন রয়েছে। তার জন্য এখনও অনেক কাজ বাকি আছে। আমরা আশা করবো বর্তমান সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই মিলে সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য যথাযথ বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন। তবেই জুলাই অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মা শান্তি পাবে।

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশন করা হয়, এ-সময় উপস্থিত সকলেই দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
তথ্যচিত্র প্রদর্শনী শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের,পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে শিল্পীরা গান ও কবিতায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং পদযাত্রা করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ