
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল রোববার রাত ৮টা ৩০ মিনিটে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে প্রবল বৃষ্টির পানির স্রোতের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন টঙ্গীর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। দীর্ঘ সময় অভিযান চালিয়ে আজ সোমবার (২৮ জুলাই) দুপুর ১ টা পর্যন্ত ওই নারীর কোন সন্ধান মেলেনি।
নিখোঁজ নারীর আত্মীয় স্বজন সূত্রে জানা যায়, নিখোঁজ ওই নারীর নাম জ্যোতি (৩২)। তিনি মিরপুরের মনি ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে চাকরি করতেন। রোববার রাতে তিনি ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে বৃষ্টির মধ্যে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে যাওয়ার পথে একটি খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী। পানির প্রচণ্ড স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডুবুরি দলসহ তিনটি ইউনিটের সদস্যরা অভিযান চালায়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিখোঁজ ওই নারীর সন্ধান মেলেনি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পাশাপাশি দেশের সেরা পাঁচজনের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। আমরা ওই নারীর লাশ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ