
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
দেশব্যাপী জুলাই পদযাত্রায় কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও পথসভায় যোগ নেওয়ায় তিন নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ। বহিষ্কৃতরা হলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল, ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল ও সদস্য বাসেত আহমেদ। গত শনিবার জেলা শহরের পুরানথানা এলাকায় অনুষ্ঠিত এনসিপির পথসভায় বক্তব্য দেন গোলাম কবির শ্যামল। ওই সভায় অংশ নেওয়ার অভিযোগে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদকেও বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের ২২(ক) ধারা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের দায়ে এই তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে এনসিপির পদযাত্রা শেষে পথসভায় গোলাম কবির শ্যামলের বক্তব্য দেওয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে যুবলীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক