
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার
কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকালে কক্সবাজারের জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পর্যটন কর্পোরেশনের উপল রেস্টহাউজে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
আয়োজকরা জানিয়েছে সমুদ্র সৈকতে নির্দেশনা অমান্য করে কিংবা অসতর্কতাবশত: কোন পর্যটক পানিতে ডুবে গেলে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালানো হয়। এক্ষেত্রে উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা, ক্ষেত্রবিশেষে সিপিআর প্রদান করা গেলে মৃত্যুঝুঁকি কমানো সম্ভব। পর্যটকদের জন্য নিরাপদ সী-বীচ গড়ে তুলতে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই উদ্যোগটি বাস্তবায়নে এ প্রশিক্ষণটি শুরু করা হয়েছে।
৪ দিনের এই প্রশিক্ষণে মোট ১০৭ জনকে ০৪টি আলাদা গ্রুপে প্রশিক্ষণ প্রদান করা হয়। বীচকর্মী, লাইফগার্ড সদস্য, জেটস্কি চালক, বীচবাইক চালক ও টিউব মালিকসহ বিভিন্ন শ্রেনী পেশার সদস্যদের সমন্বয়ে প্রশিক্ষণ টীম গঠন করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন এঁর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহিদুল আলম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) মিজ সাবিনা ইয়াসমিন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো: আজিম খান।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা