হোম » সারাদেশ » কালীগঞ্জে আলমসাধু-মোটরসাইকলে সংঘর্ষে একজন নিহত

কালীগঞ্জে আলমসাধু-মোটরসাইকলে সংঘর্ষে একজন নিহত

মো:রাফাত হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুলাই ২০২৫) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ছিলেন একজন রাজমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল আমিন দ্রুতগতিতে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে কাশিপুর এলাকায় একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রুহুল আমিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে কালিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে কিছু সময়ের জন্য আলমসাধুটি আটক করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!