
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার : কক্সবাজারের রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে মোঃ রাশেদ (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ ওসমান গণি এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোঃ রাশেদ উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মৃত নূর আহমদের পুত্র।
আদালতের আদেশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৭ জুলাই যৌতুক না পেয়ে স্ত্রী বুলবুল আকতারকে গলাকেটে হত্যার চেষ্টা করে স্বামী মোঃ রাশেদ। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুলবুল আকতার। নিহত বুলবুল আকতার একই উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাে পাড়ার মৃত আবুল খায়ের মেয়ে। এই ঘটনায় নিহতের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু বলেন, মামলাটি দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করেন আদালতের বিচারক। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামী নিহতের স্বামীকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান আসামীর বোন ও ভগ্নিপতিকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় প্রধান আসামী মোঃ রাশেদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন