
চকরিয়া প্রতিনিধি: চকরিয়ায় বেপরোয়া আচরণে আলোচনায় নোমান রানা নামের এক বিএনপি নেতা। চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি লাইভে এসে অকথ্য ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়ার হুমকি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে ১৯ জুলাই, শনিবার বিকালে। প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক আব্দুল মজিদ ২১ জুলাই চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কেবল তাই নয়, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও মন্তব্য দেওয়ায় সাংবাদিক এইচ এম রুহুল কাদেরকেও ২২ জুলাই, বুধবার দুপুর ১২টার দিকে একই কায়দায় ফেসবুক লাইভে এসে প্রাণনাশের হুমকি দেন নোমান রানা। একইসঙ্গে থানা পুলিশের ভূমিকা ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ সম্পর্কেও আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের বিরুদ্ধে এমন প্রকাশ্য হুমকি এবং সন্ত্রাসী ভাষার ব্যবহারকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক সমাজ, সুশীল মহল এবং বিশিষ্টজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চকরিয়ার সাংবাদিকদের সংগঠনগুলো—চকরিয়া প্রেস ক্লাব, চকরিয়া প্রেস ইউনিটি ও সাংবাদিক সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেন,
“এটি কেবল ব্যক্তিগত হুমকি নয়, মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার ওপর সরাসরি হামলা। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।” এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,
“ঘটনার বিষয়ে আমরা জেনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন