
রবিউল হাসান লায়ন, জামালপুর
দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ১৩ জুলাই, রবিবার সন্ধ্যায় জামালপুর শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে শহরের দয়াময়ী মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন এবং মিছিল শেষে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৫ আগস্ট ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতা-কর্মীদের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত, দুর্নীতি দু:শাসন মুক্ত, লুটেরা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ নতুন করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছে।
মামুন বলেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকারকে সামনে রেখে এই দেশ এগিয়ে যাবে এবং জনগণের স্বপ্নের বাংলাদেশে রুপান্তরিত হবে। সেই স্বপ্নকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখেছি গত ১১ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হত্যার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। সেই ঘটনা দায় বিএনপির কাঁদে চাপিয়ে দিয়ে সারাদেশে পরিকল্পিত ভাবে যারা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতার ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রকারীরা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। বর্তমান সেই স্বৈরাচার পতনের আন্দোলনের ভোট ডাকাত তাদের সাথে শরিক হয়ে বাংলাদেশকে একটি অশান্ত বাংলাদেশে রূপান্তর করার চক্রান্ত চলছে। তাদেরকে প্রতিহত করতে হবে।
জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার