হোম » সারাদেশ » কাপাসিয়ায় এক মাদক সেবীকে পিটিয়ে মারল অতিষ্ঠ গ্রামবাসী

কাপাসিয়ায় এক মাদক সেবীকে পিটিয়ে মারল অতিষ্ঠ গ্রামবাসী

এম হিরন প্রধান : গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামে মোঃ নাঈম (২৪) নামের এক মাদক সেবীকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং তার কারণে গ্রামবাসী অতিষ্ঠ ছিল। নাঈম মাদক বিক্রেতা মোঃ রাজু মিয়া ওরফে নাজুর ছেলে। ক্ষুব্ধ গ্রামবাসী তাকে মারধর করে এবং পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

১ জুলাই মঙ্গলবার দুপুরে কাপাসিয়া উপজেলার বেহাইদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

প্রায় দুই মাস আগে সোহেল রানা (৩৫) নামে একজনকে সন্ত্রাসী নাঈম ও তার ভাই মোঃ কাইয়ুম কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। কখন স্থানীয় লোকজন আহত সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। এজন্য নাঈম ও তার পরিবারের সদস্যরা পলাতক ছিলেন।

দীর্ঘদিন চিকিৎসার পর গত রোববার সোহেল রানা বাড়ি ফিরলে মামলা তোলে নিতে মঙ্গলবার দুপুরে নাঈম চাপাতি নিয়ে সোহেলের বাড়িতে গিয়ে তাকে হত্যার হুমকি দেয়। এ-সময় সোহেল গ্রামের লোকজন ও স্বজনদের ফোন দিয়ে বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন নাঈমকে ঘেরাও করে গণপিটুনি দেয়। এক পর্যায় ঘটনাস্থলেই মারা যায় নাঈম।

গ্রামবাসী জানান, নাঈম ও তার ভাই কাইয়ুম এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা প্রায় রাতেই এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করত। তাছাড়া এলাকায় যে কোন বিষয়ে ঝামেলা হলেই তারা দা, ছুরি ও চাপাতি দিয়ে লোকজনকে কুপিয়ে আহত করত।

একই গ্রামের সৌদি প্রবাসী মোঃ আল আমীন জানান, প্রায় এক বছর আগে তিনি ছুটিতে দেশে আসলে নাঈম তার এনড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। বহু দেন দরবার করেও তা উদ্ধার করতে ব্যর্থ হন তিনি।

ওই গ্রামের আসাদ শেখ জানান, নাঈম ও তার ভাই কাইয়ুম বহু মানুষকে বাড়িতে এনে জিম্মি করে টাকা আদায় করতো। এলাকার লোকজন তাদের অত্যাচারে অতীষ্ট হয়ে গণপিটুনি দিয়ে নাঈমকে হত্যা করেছে। নাঈমের বাড়িতে পরিবারের লোকজন না থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায় নি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল জানান, দুই পক্ষের মারামারির ঘটনার জেরে গ্রামবাসী নাঈমকে পিটিয হিহত করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ওসি বলেন, নাঈমের নামে থানায় মামলা রয়েছে। নিহত নাঈমের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!