হোম » সারাদেশ » ঝিনাইদহ কালীগঞ্জে এইচএসসি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার

ঝিনাইদহ কালীগঞ্জে এইচএসসি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার আলহাজ আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১লা জুলাই) অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ক্যাজুয়াল পরীক্ষার্থী ও কাশিপুর গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেন গোপনে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন। বিষয়টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত প্রতিনিধি (ট্যাগ অফিসার) আলমগীর হোসেনের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে সাজ্জাদকে বহিষ্কারের সুপারিশ করেন। পরবর্তীতে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করে।

এ বিষয়ে কেন্দ্র সচিব মোঃ মশিউর রহমান বলেন, “আমাদের কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু ওই শিক্ষার্থী নিষিদ্ধ ডিভাইস ব্যবহার করায় তাকে নিয়ম অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।” তিনি আরও জানান, “পরীক্ষার সকল হলে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে, পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের নিষিদ্ধ বস্তু ব্যবহার করা বা সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষায় স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে কঠোর অবস্থান নিতে হবে।”

প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অনৈতিক কার্যকলাপে জড়িত হলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!