
তারিকুল ইসলাম,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জীবনের ছোট্ট এক সফর শেষ হলো মর্মান্তিক এক দুর্ঘটনায়। জয়পুরহাট শহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া সেই পথ আর ফেরা হলো না নুর বানুর (৪৫)। ভাতিজার মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই প্রাণ কেড়ে নিল দ্রুতগতির একটি ট্রাক।
আজ বুধবার (২৫ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার মোলামগাড়ীহাট সংলগ্ন বামনগ্রাম মোড়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মারা যান নুর বানু। তার সাথে থাকা ভাতিজা সৌরভ (২১) গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
নিহত নুর বানু বগুড়া সদরের রজাকপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। আহত সৌরভ শিবগঞ্জ উপজেলার কানতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
স্থানীয় লোকজন জানান, নুর বানু জয়পুরহাট শহর থেকে ভাতিজা সৌরভের মোটরসাইকেলে চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বামনগ্রাম মোড়ে হঠাৎ বিপরীত দিক থেকে ছুটে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের আঘাতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান নুর বানু। পাশে ছিটকে পড়া সৌরভ গুরুতর জখম হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত সৌরভকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে নুর বানুর মরদেহ উদ্ধার করে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। যে পথ ছিল ঘরে ফেরার, সে পথেই জীবন থেমে গেল একজন স্ত্রী, মেয়ে ও ফুফুর।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে ট্রাকের মালিক, চালক ও সহকারীর নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যদি পরিবার মামলা করে, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত
লুটপাট ও প্রচারমুখী বাজেট সংশোধনের দাবি”গণঅভ্যুত্থান বাংলাদেশ। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে ভাইয়ে-ভাইয়ে লড়াই