হোম » সারাদেশ » মোবারকগঞ্জ চিনিকলে স্বার্থবিরোধী কর্মকাণ্ড, ৫ কর্মী সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

মোবারকগঞ্জ চিনিকলে স্বার্থবিরোধী কর্মকাণ্ড, ৫ কর্মী সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলে স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজন চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশে জানানো হয়, গত ১৬ জুন দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৪৫ মিনিটের মধ্যে মিলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচজন কর্মী মিলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এই ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে হিসাব বিভাগের ব্যবস্থাপক রাজ প্রতীম ভৌমিককে। কমিটির অন্য দুই সদস্য হলেন যন্ত্র কৌশল বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল আলীম এবং পরিবহন বিভাগের ব্যবস্থাপক মো. রায়সুল ইসলাম। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন-চুক্তিভিত্তিক নিরাপত্তা হাবিলদার ঠান্ডু মিয়া, প্রহরী সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, মাহাবুবুর রহমান মুশা এবং মো. গোলাম রহমান।

চিনিকল সূত্রে জানা গেছে, ১৬ জুন রাতে উক্ত পাঁচজন একটি ব্যাগ মোটরসাইকেলে বহন করে ফ্যাক্টরি থেকে বের হয়ে যান। ধারণা করা হচ্ছে, ব্যাগটির মধ্যে যানবাহনের তেল জাতীয় কিছু ছিল। এমন কর্মকাণ্ড তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন বলেও মিলের ভেতরে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

মিলের কৃষি বিভাগের ব্যবস্থাপক গৌতম কুমার বলেন, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত তথ্য জানা যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্তকৃতদের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলে মিল প্রশাসন জানিয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!