
রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আব্দুর রহিম (৩১) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবির ইনচার্জ ওসি মো. ইকবাল বাহারের নেতৃত্বে এসআই আরিফুল রহমানসহ একটি ডিবি টিম নিশিন্দারা চকরপাড়ায় অভিযান চালায়। অভিযানের সময় আব্দুর রহিমের দেখানো মতে তার শয়নঘরের খাটের তোষকের নিচ থেকে আমেরিকান তৈরি একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহিম নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশের ভাষ্য মতে, তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৮ সালে শহরের কলোনি এলাকায় আলোচিত শাকিল হত্যাকাণ্ডসহ মোট ছয়টি মামলা তার বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আব্দুর রহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চলমান ও অতীত অপরাধের বিষয়ে আরও তদন্ত চলছে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার