
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নে সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে বিএনপির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের বাকুলিয়ায় সংগঠনটির উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, নায়েবে আমীর আবু তালিব, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা। আব্দুল হক মোল্লা তার লিখিত বক্তব্যে বলেন, “গত ১১ জুন বিএনপির উপজেলা আহবায়ক জনাব মাহবুবুর রহমানের আহবানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ইলিয়াস রহমান মিঠু একটি লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে মৃত ইউনুছ আলীকে জামায়াতের কর্মী এবং সন্ত্রাসী বলে দাবি করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ইউনুছ আলী কখনও জামায়াতের কর্মী ছিলেন না। কেউ ইচ্ছা করলেই জামায়াতে ইসলামীর কর্মী হতে পারেন না।
এ সংগঠনে যুক্ত হওয়ার জন্য নির্ধারিত প্রক্রিয়া ও নীতিমালা রয়েছে।” সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা ওলিউর রহমান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনুছ আলীর যেসব ছবি ছড়ানো হয়েছে, তা একটি সামাজিক অনুষ্ঠানের। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ উপস্থিত ছিলেন। এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।” সংগঠনটির নেতারা আরও বলেন, হত্যাকাণ্ডের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দলকে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার