হোম » সারাদেশ » ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোহাব্বত আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ রোববার (১ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোহাব্বত আলী নাকোবাড়িয়া গ্রামের বাসিন্দা ও বিএনপিকর্মী ছিলেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন ইউনুস আলী, রেজাউল ইসলাম, তোফাজ্জেল হোসেন, রেফাজুল ইসলাম এবং আরও একজন, যার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার এক পক্ষ দেশীয় অস্ত্রসহ এলাকায় মহড়া দেয়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

রোববার সকালে বিরোধপূর্ণ দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা দ্রুতই রক্তক্ষয়ী রূপ নেয়। সংঘর্ষে আহতদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হলে মোহাব্বত আলীসহ কয়েকজনকে ঢাকায় রেফার করা হয়। পথে ফরিদপুরে মোহাব্বত আলীর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!