হোম » সারাদেশ » ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের ন্যায্য অধিকার দাবিতে র‌্যালি ও কর্মসূচি

ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের ন্যায্য অধিকার দাবিতে র‌্যালি ও কর্মসূচি

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকরা ন্যায্য অধিকার ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে র‌্যালি ও দাবি আদায়ের কর্মসূচি পালন করেছেন। আজ রবিবার (১ জুন) সকাল ১১টায় ঝিনাইদহ জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‌্যালিটি কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে নিমতলা হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে একই স্থানে ট্রাফিক মনিটরিং বুথের সামনে এসে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর ছিল কর্মসূচির পুরো এলাকা।

শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে-অবৈধভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ, শ্রম আইন কার্যকর, আট ঘণ্টার কর্মদিবস নির্ধারণ, অতিরিক্ত কাজের জন্য উপযুক্ত মজুরি এবং ন্যূনতম ২৫ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণ। পাশাপাশি ঈদের আগে বোনাস নিশ্চিত করার দাবি জানান তারা। প্রতিবাদী শ্রমিকদের বক্তব্যে উঠে আসে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে তারা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে প্রস্তুত। বক্তারা আরও বলেন, শ্রমিকদের জন্য নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান বাধ্যতামূলক করতে হবে এবং হোটেল ও রেস্তোরাঁ মালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে।

শ্রমিক ইউনিয়নের নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তাদের দাবি বাস্তবায়নের অনুরোধ জানান। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে তারা আশাবাদ ব্যক্ত করেন, কর্তৃপক্ষ শ্রমিকদের কষ্ট ও ন্যায্যতা বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!