হোম » সারাদেশ » কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন প্রকল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন প্রকল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম। সেমিনারের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের। দ্বিতীয় পর্বে দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন বাগেরহাট জেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা এস এম নাজমুস সাকিব, যিনি সেমিনারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, উপজেলার ১নং ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হুসাইন আহম্মেদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন। সেমিনারে কামার, কুমার, নাপিত, জেলে, হস্তশিল্পীসহ মোট ১০টি প্রান্তিক পেশাজীবী শ্রেণির প্রায় অর্ধশত সদস্য অংশ নেন। তাদের অংশগ্রহণে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও জীবনমান উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। সরকারের এ প্রকল্পের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, পরামর্শ এবং নানাবিধ সহায়তা প্রদান করা হচ্ছে বলে সেমিনারে জানানো হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!