হোম » সারাদেশ » রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে উত্তেজনা, দুপক্ষের মানববন্ধন

রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে উত্তেজনা, দুপক্ষের মানববন্ধন

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে অবস্থিত রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিসিয়াল পত্রে তিন সদস্যবিশিষ্ট প্রস্তাবিত তালিকা থেকে মাহবুবুর রহমানকে সভাপতি মনোনীত করা হয়। এই মনোনয়নকে কেন্দ্র করে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকরা দুই ভাগে বিভক্ত হয়ে পৃথক মানববন্ধনের আয়োজন করেছেন।

গতকাল মঙ্গলবার (২0 মে) একটি পক্ষ মানববন্ধন করে দাবি করেন, মাহবুবুর রহমান অতীতে আওয়ীমী লীগের সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে দলটি নিষিদ্ধ হলেও তিনি প্রভাব খাটিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশ্ন তোলেন, “নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি কীভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো স্পর্শকাতর স্থানে নেতৃত্ব দিতে পারেন?”

এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার (২1 মে) পাল্টা মানববন্ধন করে মাহবুবুর রহমান সমর্থিত এলাকাবাসী ও অভিভাবকরা। তাদের দাবি, একটি কুচক্রী মহল ভিত্তিহীন অভিযোগ ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মাহবুবুর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা বলেন, উক্ত এডহক কমিটি সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত।

এ বিষয়ে মাহবুবুর রহমান জানান, “আমি কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নই। অতীতে ব্যবসায়িক কারণে কিছু স্থানীয় আওয়ামী লীগ সমর্থক নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিল, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না।”

এদিকে, চলমান এই দ্বন্দ্বে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবক ও সচেতন মহল। তারা দ্রুত সমস্যার সমাধান এবং শিক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!