হোম » সারাদেশ » রঘুনাথপুরে বিদ্যালয়ে নিরপেক্ষ এডহক কমিটির দাবিতে মানববন্ধন

রঘুনাথপুরে বিদ্যালয়ে নিরপেক্ষ এডহক কমিটির দাবিতে মানববন্ধন

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিদ্যালয়ের নতুন কমিটিতে মাহবুবুর রহমানকে সভাপতি মনোনয়ন দেওয়ায় এলাকাবাসী ও অভিভাবকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠি অনুযায়ী, প্রস্তাবিত তিনজনের একটি তালিকা থেকে মাহবুবুর রহমানকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেছেন, এ নিয়োগে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের আশ্রয় নেওয়া হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, মাহবুবুর রহমান অতীতে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ছিলেন। বর্তমানে দলটির কার্যক্রম স্থগিত থাকার পরও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন। প্রশ্ন উঠেছে, রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তি কীভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে এমন দায়িত্ব পেতে পারেন?

এ ঘটনায় রঘুনাথপুর বাজারে এলাকাবাসী ও অভিভাবকদের আয়োজিত এক মানববন্ধনে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়। শান্তিপূর্ণ এ মানববন্ধনে বক্তারা বলেন, মাহবুবুর রহমানের রাজনৈতিক ঘনিষ্ঠতা বিদ্যালয়ের নিরপেক্ষ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

মানববন্ধন থেকে বক্তারা দাবি জানান, বর্তমান কমিটি বাতিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এডহক কমিটি গঠন করতে হবে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!