হোম » সারাদেশ » শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মাস্টার পাড়ায় প্রকল্প বাস্তবায়নের অভিযোগ

শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মাস্টার পাড়ায় প্রকল্প বাস্তবায়নের অভিযোগ

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল মাস্টার পাড়া এলাকায় পৌরসভার একটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রকল্পের কাজে ব্যবহার করছেন সংশ্লিষ্ট ঠিকাদার, যা পরিবেশবিধি ও সরকারি নিয়ম ভঙ্গের শামিল।
জানা গেছে, মাস্টার পাড়ায় একটি সড়ক, কবরস্থান ও খেলার মাঠ ভরাটের জন্য দোহাজারী পৌরসভা থেকে ২৮ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পের শর্ত অনুযায়ী, বাহির থেকে মাটি সংগ্রহ করে প্রকল্প সম্পন্ন করার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার মো. ইউসুফ রাতের বেলায় শঙ্খ নদী থেকে বালু উত্তোলন করে ভরাটের কাজ শুরু করলে তারা বাধা দেন। খবর পেয়ে দোহাজারী পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. শাহাজাহান বলেন, “ঠিকাদার ইউসুফের বিরুদ্ধে একাধিকবার অনিয়মের অভিযোগ দিয়েছি, কিন্তু পৌরসভার প্রকৌশলী নাঈম উদ্দীন কোনো ব্যবস্থা নেননি। বরং তিনিই এসব অনিয়মে পরোক্ষভাবে জড়িত বলেই মনে হচ্ছে।ঠিকাদার মো. ইউসুফ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নিজে বালু তুলিনি, কে তুলেছে জানি না। প্রকল্পে অর্থের ঘাটতি থাকায় স্থানীয়রাই স্বেচ্ছায় কিছু কাজের জন্য সহযোগিতা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে দোহাজারী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কোনো প্রকল্প বাস্তবায়নের সুযোগ নেই। কেউ অনিয়ম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দীন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রকল্পের কাজ করার কোন সুযোগ নেই। বেশ কিছুদিন ধরে ওই প্রকল্পের কাজ পরিদর্শনে যাওয়া হয়নি। পরিদর্শনে গিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সড়ক নির্মাণ কাজে ব্যবহার করার প্রমাণ পেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, পৌর প্রকল্পে এমন অনিয়ম চলতে থাকলে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। অনিয়মকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!