হোম » সারাদেশ » অধিগ্রহণকৃত জমির অমূল্যায়নের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন

অধিগ্রহণকৃত জমির অমূল্যায়নের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হলেও জমির ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভে ফুঁসছে কালিগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকাবাসী। ২০২০ সালে একনেক কর্তৃক অনুমোদিত ৬ লেন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের ১ জানুয়ারি থেকে। এ প্রকল্পের জন্য প্রায় ৪৭ কিলোমিটার সড়ক সম্প্রসারণে ৩০৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও জমির মালিকরা এখনো ন্যায্য মূল্য পাননি।

রবিবার সকাল ১০টায় তারা মল্লিকনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা জানান, অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৪৭ সালের ব্রিটিশ আমলের মৌজা রেট অনুসারে। অথচ বর্তমানে এসব জমিতে নগরায়নের প্রভাবে গড়ে উঠেছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও উন্নত স্থাপনা। ফলে বর্তমান বাজারমূল্যের তুলনায় নির্ধারিত মূল্য অনেক কম, যা সম্পূর্ণরূপে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে মনে করছেন তারা।

বক্তারা আরও জানান, বড় রায়গ্রাম, নিশ্চিন্তপুর ও কালিগঞ্জ মৌজার অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে গুরুতর বৈষম্য দেখা গেছে। বিশেষ করে পৌরসভা ও ইউনিয়নের পার্থক্যের ভিত্তিতে জমির মূল্য নির্ধারণ করায় একই প্রকল্পের আওতাভুক্ত জমির মালিকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে তারা বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন, যা ভবিষ্যতে সড়ক নির্মাণকাজেও প্রভাব ফেলতে পারে। এলাকাবাসীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন, যেন জমির প্রকৃত ব্যবহার, অবস্থান ও বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পাশাপাশি তারা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি পেশ করার ঘোষণাও দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!