হোম » সারাদেশ » ঝিনাইদহের কালীগঞ্জে বজ্রপাতের সময় ইটের আঘাতে গুরুতর আহত হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

ঝিনাইদহের কালীগঞ্জে বজ্রপাতের সময় ইটের আঘাতে গুরুতর আহত হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার (৬ মে) বেলা ১২ টায় কলেজটির সমাজবিজ্ঞান (সম্মান) বিভাগের মেধাবী ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা মোঃ হুসাইন আহমেদ (২৫) বজ্রপাতের সময় একটি সাততলা ভবনের ছাদ থেকে খসে পড়া ইটের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও তার সহপাঠীরা জানান, কলেজ ক্যাম্পাসের পাশেই অবস্থিত ওই বহুতল ভবনে বজ্রপাতের বিকট শব্দের পরই ছাদ থেকে কিছু ইট খসে পড়ে। এ সময় হুসাইন আহমেদ ক্লাস শেষ করে এক ভবন থেকে অন্য ভবনে যাওয়ার সময় একটি ইট তার মাথই পড়ে গুরুতর জখম হয়।

ইটের আঘাতে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের সহযোগীতায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে যশোর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

আহত হুসাইন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাহতাব উদ্দিন কলেজ শাখার সভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন। এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানিয়েছে, এ দুর্ঘটনা ভবনের অবকাঠামোগত দুর্বলতা ও বজ্রপাতের সময় নিরাপত্তাহীনতার জোরালো প্রমাণ। ভবনের নির্মাণ মান এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তদন্ত, জবাবদিহি ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!