
ঝিনাইদহে বজ্রপাতে অলিয়ার রহমান (৪৫) ও মিরাজুল ইসলাম (২৪) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে পৃথক দুটি স্থানে ধান কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি অলিয়ার রহমান মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। নিহত মিরাজুল ইসলাম গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে। নিহত অলিয়ার রহমানের পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ি থেকে মাঠে ধান কাটতে যান অলিয়ার।
বেলা ১০টার দিকে হঠাৎ করে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অপর স্থানীয় নিহত মিরাজুলের স্বজনরা জানান, সকাল সাড়ে ১১টার পর হঠাৎ আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মাঠে ধান কাটতে যাওয়া মিরাজুল বজ্রপাতে আক্রান্ত হন। এ সময় অন্য কৃষকরা নিরাপদ আশ্রয়ে চলে গেলেও তিনি বজ্রপাতে গুরুতর আহত হন।
একইদিনে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত খালিদ হাসান জানান, বজ্রপাতে আহত দুই কৃষক হাসপাতালে পৌছানোর আগেই মারা যায়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বজ্রপাতের শিকার হয়ে দুই কৃষক নিহত হয়েছেন। মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।” এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার