
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে দাদনের টাকা সহ সুদের সম্পুর্ণ টাকা পরিশোধের পরেও দাদন ব্যবসায়ীর ভয়ে বাড়ি ছেড়েছেন প্রবাসীর স্ত্রী সন্তানেরা। এঘটনায় প্রবাসীর স্ত্রী বাদি হয়ে সোমবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে দাদন ব্যবসায়ী বিটুল মিয়ার কাছ থেকে একই গ্রামের সৌদি আরব প্রবাসী টুকু মিয়ার স্ত্রী শিলা খাতুন ২০২৩ সালের শুরুর দিকে সাংসারিক প্রয়োজনে ৯০ হাজার টাকা দাদন নেন। দাদনের টাকা গ্রহনের সময় শিলা খাতুনের থেকে ৫০ টাকা মূল্যের ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর রাখে দাদন ব্যবসায়ী বিটুল মিয়া। পরবর্তীতে শিলা খাতুন যথারীতি দাদনের মূল ৯০ হাজার টাকা সহ সুদের আরও ৮০ হাজার টাকা পরিশোধ করে।
সম্পূর্ণ টাকা পরিশোধের পর শিলা খাতুন তার স্বাক্ষরিত স্ট্যাম্প দাদন ব্যবসায়ী বিটুল মিয়ার থেকে ফেরত চায়। কিন্তু বিটুল মিয়া স্ট্যাম্প ফেরত দিতে তালবাহানা শুরু করে। স্ট্যাম্পের অপব্যবহার করে বিটুল মিয়া শিলা খাতুনের কাছে থেকে আরও টাকা দাবি করে। একপর্যায়ে গত জানুয়ারি মাসে শিলা খাতুন সহ আরও দুইজনের নামে একটি উকিল নোটিশ পাঠায় বিটুল মিয়া। উকিল নোটিশে সে ৪ লাখ টাকা দাবি করে। বিটুল মিয়া উকিল নোটিশ পাঠানোর পরে দাবিকৃত টাকা না দিলে শিলা খাতুনকে প্রানে মেরে ফেলার হুমকি দেন। এরপরে শিলা খাতুন বিভিন্ন উপায়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হলে নিরুপায় হয়ে প্রায় দুই সপ্তাহ ধরে দুই সন্তান সহ বাবার বাড়িতে অবস্থান করছেন।
গত ১৮ এপ্রিল বিষয়টি নিয়ে গ্রামের গন্যমান্য ব্যাক্তিরা সালিসি বৈঠকে বসে। সালিসি বৈঠকে বিটুল মিয়া ৫০ হাজার টাকা দাবি করে। গ্রাম্য মাতব্বরা বিষয়টি সমাধান কল্পে ১০ হাজার টাকায় মিমাংসা করে। এবং বিটুল মিয়ার থেকে স্বাক্ষরিত ওই স্ট্যাম্প ফেরত চাই। তখন বিটুল মিয়া ২০ এপ্রিল ফেরত দেবে বলে জানায়। দুইদিন পর শিলা খাতুন স্ট্যাম্প ফেরত আনতে গেলে পুনরায় তাকে প্রাননাশের হুমকি দেন বিটুল মিয়া।
অভিযোগের বিষয়ে দাদন ব্যবসায়ী বিটুল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। ধুনট থানার এসআই অমিত মাহমুদ জানান, শিলা খাতুনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল